
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সংযমের আহ্বান সত্ত্বেও সংঘাত থামেনি।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং আরো কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ট্রুথ সোশ্যালে একটি নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানালেও ইসরায়েল সামরিক হামলা চালিয়েছে। জানা গেছে, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ক্ষুব্ধ ছিলেন এবং নেতানিয়াহুর কিছু পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের আশঙ্কা, ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ আমেরিকা ও ইরানের মধ্যে বর্তমান আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অপেক্ষা করতে বলেছিলেন, কারণ আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে। গত সপ্তাহে দু’ নেতার মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপও হয়। লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে কঠোর ভাষা ব্যবহার করেছিলেন, এমন খবর প্রকাশিত হলেও তিনি তা সরাসরি অস্বীকার করেননি।
