
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে গাজা থেকে প্যালেস্টাইনীদের সরিয়ে দিতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবেই ওই অংশে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প।
গাজা সাফ করার জন্য তিনি ইতিমধ্যে পড়শি জর্ডনের সঙ্গে কথাও বলেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজা থেকে প্যালেস্টাইনিদের সরানোর জন্য পড়শি দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে চান ট্রাম্প। তিনি জানিয়েছেন, জর্ডনের রাজার সঙ্গে তাঁর কথা হয়েছে। দেশে আরও বেশি বাসস্থান তৈরি করে প্যালেস্টাইনিদের আশ্রয় দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লাকে তিনি অনুরোধ করেছেন। গাজায় প্রায় সাড়ে ১০ লক্ষ প্যালেস্টাইনি রয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতা এল-সিসির সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁকেও প্যালেস্টাইনিদের আশ্রয়ের অনুরোধ করা হবে। তবে শুধু ইজরায়েলের পড়শি জর্ডন বা মিশর নয়, প্যালেস্টাইনিদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ এমনকি, আরব দেশগুলির সঙ্গেও আলোচনা করতে চান ট্রাম্প। তাঁর কথায়, গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ মারা যাচ্ছেন।
কিছু তো একটা করতে হবে। তিনি এর জন্য আরব দেশগুলির সঙ্গেও কথা বলবেন। আরও বেশি করে বাসস্থান তৈরি করে প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে হবে। তা হলে তাঁরা শান্তিতে থাকতে পারবেন।








