
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে পারে রাশিয়া। এমনই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মস্কো যাবেন। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন।
সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই পরিস্থিতিতে তিন বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি হবে কি না, তা নির্ভর করছে ক্রেমলিনের উপর।
রুশ সরকারের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ভ্লাদিমির পুতিন সম্ভবত যুদ্ধবিরতিতে রাজি হবেন না। ঘটনাচক্রে, তার পরেই ট্রাম্প ওই হুঁশিয়ারি দিয়েছেন মস্কোকে।
