
কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর এখনই চড়া হারে মার্কিন শুল্ক চাপানো হচ্ছে না। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। নিজের আগের সিদ্ধান্ত খারিজ করে নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক চাপানো নিয়ে ট্রাম্পের পিছু হটার নেপথ্যে কারণ হিসাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ওঠানামাকে দায়ী করেছেন অনেকে।
গত মঙ্গলবার মধ্যরাত থেকেই কানাডা থেকে আসা পণ্যের ওপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করার করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে ২৫ শতাংশ আমাদানি শুল্ক ধার্য করা হয়েছিল।
এদিকে ট্রাম্প শুল্কনীতি স্থগিত রাখার সিদ্ধান্তের পরই কানাডা জানিয়েছে, তারাও আপাতত আমেরিকার পণ্যে শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখছে। তবে প্রথম দফায় যে মার্কিন পণ্যগুলির ওপর শুল্ক বসানো হয়েছিল, সেগুলি বলবৎ থাকছে বলে জানা গিয়েছে।








