
৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনও টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান দলের প্রার্থী।
মঙ্গলবার গভীর রাতে পেনসিলভেনিয়া প্রদেশের রাজধানী ফিলাডেলফিয়ায় মুখোমুখি বিতর্কসভায় প্রথমবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফল বলছে, মুখোমুখি বিতর্কে রাজনীতি, অর্থনীতি, বিদেশনীতি, অভিবাসন-সহ বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিয়েছেন কমলা হ্যারিস। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তৃতীয় কোনও বিতর্ক অনুষ্ঠিত হবে না।এ ক্ষেত্রে প্রথম বিতর্ক বলতে ট্রাম্প বুঝিয়েছেন গত ২৭ জুন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর বিতর্ককে।প্রেসিডেন্সিয়াল ডিবেটে অবশ্য কমলা হ্যারিসের কাছে হারের কথা স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, ডেমোক্র্যাটিক পার্টির উগ্র বামপন্থী প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছেন।









