
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
তিনি বলেছেন, এখন এটা স্পষ্ট যে, আমেরিকা রাশিয়ার শত্রু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান। টেলিগ্রামে এক বিবৃতিতে মেদভেদেভ বলেছেন, আমেরিকা আমাদের প্রতিপক্ষ, তারা এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথে নেমেছে।তিনি আরও বলেছেন, ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কর্মসূচি। এখন ট্রাম্প পুরোপুরি উন্মাদ ইউরোপের সঙ্গে একাত্ম হয়েছেন।এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং তার প্রশাসন রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েল-এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে মার্কিন নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন, যেটিকে তার প্রশাসন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাশিয়াকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেছেন।
