
আমেরিকা থেকে সুইৎজারল্যান্ডের দাভোসের উদ্দেশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই আবার ফিরে গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান।
হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই মঙ্গলবার রাতে ওড়ার কিছু ক্ষণ পরে মেরিল্যান্ডের সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে ফিরে গিয়েছে বিমানটি। প্রেসিডেন্ট এবং বিমানে সওয়ার বাকিরা নিরাপদেই নেমে গিয়েছেন। তবে এর জন্য ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফর বাতিল হচ্ছে না। আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অন্য বিমানে দাভোস যাবেন প্রেসিডেন্ট।
পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত বিমান হিসাবে ধরা হয় এয়ার ফোর্স ওয়ানকে। সেখানে সামান্য প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলেই দ্রুত পদক্ষেপ করা হয়। হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, বিমানটি এখন পরীক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে।
