
আমেরিকার সেনা সর্বাধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছে জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে। আমেরিকার ইতিহাসে জেনারেল ব্রাউন ছিলেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সেনা সর্বাধিনায়ক।
ব্রাউনের পাশাপাশি আরও দুই সামরিক কর্তাকেও বরখাস্ত করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। ট্রাম্প জানিয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন জয়েন্ট চিফস অফ স্টাফ-এর নতুন চেয়ারম্যান হতে চলেছেন। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বারের মেয়াদে ইরাক-সহ পশ্চিম এশিয়ার দায়িত্বে ছিলেন জেনারেল কেইন। ব্রাউনের মতো কেইনও আদতে মার্কিন বায়ুসেনার অফিসার।
সেনা সর্বাধিনায়ক বদলের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন— জেনারেল কেইন দক্ষ পাইলট, নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং যুদ্ধবাজ। তাঁর অভিজ্ঞতাও বিপুল।
