
প্রেসিডেন্ট হওয়ার পর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সম্পত্তি,যা নিয়ে চর্চা শুরু হয়েছে আমেরিকায়। এর মধ্যেই দেখা যাচ্ছে, ট্রাম্পের এই কুবেরের ধনে বিরাট যোগদান রয়েছে ভারতের।
রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্প পরিবারের কোষাগারে শুধুমাত্র ভারত থেকে গিয়েছে ১০ মিলিয়ন ডলার। বলা হচ্ছে ২০২৫ অর্থবর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়ের যে খতিয়ান সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এই সময়কালে ট্রাম্প আয় করেছেন ২.৩ বিলিয়ন ডলার। যার মধ্যে ৫৮ মিলিয়ন ডলার লাইসেন্সের ফি বাবদ আয় করেছেন। এই পদ্ধতিতে ডেভলপাররা অর্থের বিনিময়ে কোনও বিলাসবহুল আবাসিক ও বাণিজ্যিক ভবনের প্রকল্পে ট্রাম্পের নাম ব্যবহারের সুযোগ পান। ভারত-সহ বিশ্বের বহু দেশে এই চুক্তির মাধ্যমে চলছে ট্রাম্পের প্রকল্প। সেখান থেকেই আয় করছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার। সেই হিসেবে ভারতের মোট ৬টি শহর থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেগুলি হল, গুরুগ্রাম থেকে ৩.৬ মিলিয়ন ডলার, দিল্লি থেকে ১.৮ মিলিয়ন ডলার, হায়দরাবাদ থেকে ১.৫ মিলিয়ন ডলার, নয়ডা থেকে ১.৫ মিলিয়ন ডলার, পুনে থেকে ১.৫ মিলিয়ন ডলার এবং মুম্বই।
অর্থাৎ সবচেয়ে বেশি আয় হয়েছে গুরুগ্রাম থেকে। শুধু ভারত নয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আবাসন ব্যবসায় ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় অংশটা এসেছে মধ্যপ্রাচ্য থেকে। দুবাই থেকে তাঁর আয় ১১.৭ মিলিয়ন ডলার, আবুধাবি থেকে আয় ১০ মিলিয়ন ডলার, সৌদি আরব থেকে ৯.২ মিলিয়ন ডলার, এবং কাতারের দোহা থেকে ট্রাম্প পরিবারের আয় ৫.২৫ মিলিয়ন ডলার। এছাড়া, লাইসেন্স চুক্তির মাধ্যমে ভিয়েতনাম, রোমানিয়া, তুরস্ক এবং ইন্দোনেশিয়া থেকেও বিপুল আয় করেছে ট্রাম্পের সংস্থা।
