
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটি যদি পুরোপুরি নিরস্ত্র না হয় তবে তাদের খুব দ্রুতই নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে এখন শান্তি বিরাজ করছে এবং হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। যদিও প্যালেস্টাইনি এই সংগঠনটি প্রকাশ্যে এখনো এমন কোনো ঘোষণা করে নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামাস আসলে কী করবে তা আগামী দু’-তিন দিন বা সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তারা যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে তবে তাদের পরিণাম হবে ভয়াবহ।
মিশরীয় প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির সাথে বৈঠকের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, অন্তত ৫৯টি দেশ গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী। তারা প্রয়োজনে হামাসকে নির্মূল করতেও দ্বিধা করবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের সামনে এখন নিরস্ত্র হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, অন্যথায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।





