
আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তি করতে রাশিয়াকে ৮ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আর নয়তো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। যদিও সেসব নিষেধাজ্ঞা কী হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প তা নির্দিষ্ট করে বলেননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইনে বাগবিতণ্ডার পর তিনি যে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, সেগুলো এখনও ওই অঞ্চলেই রয়েছে। সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত নাকি পারমাণবিক অস্ত্রসজ্জিতে সে বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
