পেশোয়ারে টিটিপি-র হামলা, নিহত অন্তত ১৩

0
75
ছবি সৌজন্যে : এক্স
আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পকতিকা প্রদেশে পাক বিমানহানার পরেই পাল্টা হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পেশোয়ারের অদূরে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ফিদায়েঁ জঙ্গিরা হামলায় দু’তরফের লড়াইয়ে অন্তত সাত জন পুলিশ এবং ছ’জন হামলাকারী নিহত হয়েছেন।
বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ। সরকারি সূত্রের খবর, গভীর রাতে প্রাচীর টপকে ডেরা ইসমাইল খান জেলার রাত্তা কুলাচি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ঢূকেছিলেন হামলাকারীরা। এর পরেই তাঁদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার রাতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান বায়ুসেনা। তাতে টিটিপি-র প্রধান নুর ওয়ালি মেহসুদ এবং সহকারী প্রধান কারি সাইফুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন বলে সেনা সূত্র উদ্ধৃত করে শুক্রবার দাবি করে পাক সংবাদমাধ্যমের একাংশ। এর পরে শুক্রবার সীমান্তবর্তী পকতিকা প্রদেশের মারঘি এলাকায় বাজারেও হামলা চালানো হয় বলে অভিযোগ।