
সংঘর্ষের জেরে আপাতত ১২ অক্টোবর থেকে আফগানিস্তানের সঙ্গে আমদানি রফতানি বন্ধ পাকিস্তানের। ফলে প্রভাব পড়ছে পাকিস্তানের অর্থনীতিতে। হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর।
এহেন পরিস্থিতিতে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে হুঁশিয়ারি দিল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি বা পাকিস্তানি তালিবান। সম্মুখ সমরে আহ্বানও জানানো হল। সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় টিটিপি-র অন্যতম শীর্ষনেতা আহমদ কাজিম হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান মুনিরকে।
বলেছেন , জওয়ানদের ভেড়ার মতো মরতে পাঠাচ্ছেন। আপনি যদি সত্যিকারের মানুষ হন, আমাদের সামনে এসে দাঁড়ান। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে পাকিস্তানে সক্রিয় টিটিপি। ইসলামাবাদের দাবি , আফগানিস্তান ও ভারতের মদতে এই গোষ্ঠী পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করে। যদিও কাবুল ও নয়া দিল্লি কার্যত এই দাবি অস্বীকার করেছে।
