
বিতর্কের আবহে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনের সুরক্ষা ছাড়পত্র বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের মোট ৯টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা ক্ষেত্রের সঙ্গে জড়িত সেলেবি অ্যাভিয়েশন নিয়ন্ত্রিত সংস্থা সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-র সুরক্ষা ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের বিমানবন্দরগুলোতে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাটি। পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এডোয়ান।
