
অবশেষে কাটল জট। রইল না বাধা। কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাডুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে।
জানা গিয়েছে, দুজন সিপিআই, দুজন সিপিএম এবং দুজন ভিসিকে-সহ বাম দলগুলো বিজয়ের টিভিকে -কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আগে কংগ্রেসের সমর্থনে বিজয়ের দল কংগ্রেসের পাঁচটি আসন পেয়েছে। এতে তাঁর মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাডুতে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয় সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। বিজয় নিজেই দুই আসন থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। টিভিকে-র জয় তামিলনাডুতে ডিএমকে-এআইডিএমকে শাসন ভেঙে দিয়েছে, যা তামিলনাড়ুর ইতিহাস প্রথম। কিন্তু বিজয়ের দল জেতার পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে দোটানা শুরু হয়েছে।
সরকার গঠনের দাবিতে বারবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু তাঁকে বারবার ফিরিয়ে দেওয়া হয়, রাজ্যপালের কথায়, সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে বিজয়ের দলের জেতা ১০৮ আসন সীমিত সংখ্যা। সরকার গঠন করতে হলে বিজয়ের দলের প্রয়োজন ১১৮ আসনের। অর্থাৎ আরও ১০ বিধায়কের সমর্থন পেতে হবে বিজয়ের দলকে। তবেই তামিলনাড়ুর সরকার গঠন করতে পারবে টিভিকে।




