
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দুটো এফআইআর দায়ের হয়েছে। নিজের নির্বাচনী কেন্দ্রেই পরপর মামলায় জড়াচ্ছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ।
মাটি চুরি এবং আমফানের ত্রাণ দুর্নীতি অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর দায়ের হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের করা মামলায় আমফানে অন্তত আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কালীতলা-আশুতি থানায় ৩০০ কোটি টাকার মাটি কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইনে মামলা দায়ের হয়েছে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইনের মামলা দায়ের হয়েছে। এদিকে ফলতার সভা থেকে আমফানে দুর্নীতির অভিযোগে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি এখানে আমফানে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। আমফানের ত্রাণে দুর্নীতির তালিকাও তাঁর কাছে রয়েছে। ৮ হাজার বাড়ির টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই কাজে সহযোগিতা করেছেন তদকালীন বিডিও।
মুখ্যমন্ত্রী বলেছেন যাঁরা এই দুর্নীতিতে যুক্ত ছিলেন বিডিও সহ সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না।








