
প্রথম কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই ফের ভূমিকম্প! জোড়া কম্পনে কার্যত বেসামাল ভেনেজুয়েলা। ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৪ জনের-র বেশি। বুধবার সন্ধ্যায়, ভেনেজুয়েলার স্থানীয় সময় অনুসারে প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ছোট্ট দেশটি।
তার ৩৯ সেকেন্ডের মধ্যেই ফের কম্পন। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.৫। জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং বন্দরশহর লা গুয়াইরায়। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে দুই শহরে। রানওয়ে ভেঙে ভিতরে ঢুকে যাওয়ায় আপাতত ভেনেজুয়েলার মূল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বহু প্রাণহানির আশঙ্কা করছে আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা। তারা মনে করছে, জোড়া কম্পনে দক্ষিণ আমেরিকার এই দেশে ১০ হাজার থেকে এক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।
দেশে ভয়াবহ এই বিপর্যয়ের পরেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সকলকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন। ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ডেলসি। আপাতত ভেনেজুয়েলার স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ থাকছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল পাঠিয়েছে আমেরিকা। দুর্দিনে দক্ষিণ আমেরিকার এই দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
