
ডোমজুড়ের জঙ্গলপুরে জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সকাল ছটা নাগাদ কারখানা টিতে আগুন লাগে।
দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার ভেতরের মেশিন এবং কাঁচামাল। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে, রবিবার রাতে জগৎবল্লভপুরের শঙ্করহাটি গ্রামে একটি কম্বল তৈরির কারখানায় ভয়াবহ আগুন।
আগুন লাগার পর কারখানাটিতে মজুদ থাকা তুলোর কাপড় এবং পাটের ছাঁট দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।









