
জোড়া নিম্নচাপের জেরে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও থাকবে রোদেলা আকাশ, কোথাও আবার মেঘে ঢাকা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
তবে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই দেখা যেতে। চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমীতে। সেদিন থেকে পরিবর্তন হবে আবহাওয়ার মুড। আন্দামান সাগরে ঘূর্ণাবত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। যার প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে ১ তারিখ অর্থাৎ নবমীর দিন। আর ঠিক সেদিন থেকেই বেশ কিছু অঞ্চলে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যা চলতে পারে একাদশীর পরও। হাওয়া অফিসের পূর্বাভাস, নবমীতে তৈরি হওয়া নিম্নচাপ দশমীতে তুমুল রূপ নেবে। ওই দিন কলকাতা সহ ১১ জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা।
এমনকি, একাদশী পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টিপাত। সেদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলা সহ দক্ষিণবঙ্গের আরও ৭টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মূল প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে।








