
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিষ মদ পান করে দুই বেয়াইয়ের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার উড়াসাই গ্রামে। মৃতেদর নাম সন্তু রুইদাস ও গণেশ রুইদাস।
জানা গিয়েছে, উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষ্মণ রুইদাস। তাঁর বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন মুখবসান এলাকার বাসিন্দা সন্তু রুইদাস এবং গড়বেতার বাসিন্দা গণেশ রুইদাস। সন্তু এবং গণেশ সম্পর্কে বেয়াই হন। অনুষ্ঠান শেষে তাঁদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, হঠাৎ সকালে একই সঙ্গে দুই বেয়াই অসুস্থ বোধ করলে নিয়ে আসা হয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে।সেখানকার চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে গণেশ রুইদাসের চিকিৎসা শুরু করা হয়। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান।জানা গিয়েছে, সকালে দুই বেয়াই মিলে মদ্যপান করতে বসেন আত্মীয়ের বাড়িতে। ওই বোতলে বিষাক্ত মদ জাতীয় কিচ্ছু ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন মৃতের পরিজনরা।
এদিকে ঘটনার পর চন্দ্রকোণা থানার পুলিশ হাসপাতাল থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে।









