পিসির মেয়ের বিয়েতে এসে ডুবে মৃত ২ শিশু

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে বিষাদে। পিসির মেয়ের বিয়েতে এসে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই দিদি-ভাই-র।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া এলাকার বাসিন্দা মফিজুল সর্দারের মেয়ের বিয়েতে গোপালনগর থেকে আসেন তাঁর শ্যালকের পরিবার। সঙ্গে এসেছিল দুই ছেলে-মেয়ে আট বছরের আদিল মণ্ডল ও দশ বছরের রিয়া মণ্ডল। সকলের নজর ফাঁকি দিয়ে পাশের জলাশয়ে নামে দুই শিশু। অনুমান, সেই সময় ডুবে যায় তাঁরা। অনেকক্ষণ আদিল ও রিয়াকে দেখতে না পেয়ে সবাইকে বিষয়টি জানান তাঁদের ঠাকুমা। প্রথমে সবাই ভেবেছিলেন আশেপাশেই খেলা করছে দিদি-ভাই।
কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর বাড়ির পাশের জলাশয়ে দিদি-ভাইকে ভেসে থাকতে দেখেন আত্মীয়রা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্বরূপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে জানান।