
ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়েছে একাধিক ওয়াগান। এই ঘটনার জেরে ২০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। প্রভাব পড়েছে হাওড়া শাখাতেও।
তবে কারও হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি। সূত্রের খবর টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চাণ্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যূত হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি।
সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগনও উল্টে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পৌঁছে যান রেলে কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে।








