
ভারতীয় মৎস্যজীবীদের উপর শ্রীলঙ্কা নৌসেনার নির্বিচারে গুলি চালানোর ঘটনায় কলম্বোর হাই কমিশনারকে তলব করেছে বিদেশমন্ত্রক।জানা গিয়েছে, পক প্রণালীতে জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় শ্রীলঙ্কার নৌসেনা।
হামলায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। আহত পাঁচ জন-সহ মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে।বিদেশমন্ত্রক সূত্রের খবর, আহত মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসা তত্ত্বাবধান করছে। পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের অদূরে মঙ্গলবার ভোরে ওই হামলা চালায় শ্রীলঙ্কা নৌসেনা। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে দিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশমন্ত্রক।
গত বছরও কচ্চতিভু দ্বীপের উত্তরে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় দু’জন নিহত হয়েছিলেন।
