
গুজরাটে এক মহিলাকে নিয়ে রমেশের সঙ্গে তাঁর অশান্তি হয়েছিল। সেখান থেকে খুনোখুনি। ছ’দিন ধরে খোঁজ পায়নি পরিবার। ছ’দিন পরে যুবককে পাওয়া গিয়েছে মৃত অবস্থায়। খণ্ড খণ্ড অবস্থায় তাঁর দেহাংশ মিলেছে নানা জায়গায়।
অভিযোগ, এক যুবতীকে নিয়ে বন্ধুর সঙ্গে গন্ডগোলের জেরে খুন হতে হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রমেশ মহেশ্বরী। নখটরানার মুরু গ্রামের বাসিন্দা ২০ বছরের ওই যুবক ২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তাঁকে পাওয়া যেতে পারে এমন সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়েছিল। কথা বলা হয় রমেশের পরিচিত এবং বন্ধুবান্ধবের সঙ্গে। ওই সময় কিশোর নামে এক যুবকের সঙ্গে কথাবার্তা বলে সন্দেহ হয় পুলিশের। তাঁকে চেপে ধরতেই জানা যায় খুনের কথা।
ঘটনাক্রমে একটি জায়গা থেকে রমেশের পচাগলা দেহের একটি অংশ উদ্ধার হয়। অভিযোগ, কুপিয়ে খুনের পর বন্ধুর দেহাংশ কেটে কেটে আলাদা করেছিলেন কিশোর। প্রমাণ লোপাট করতে সেগুলো বিভিন্ন জায়গায় ফেলেন।









