
দক্ষিণ ভারতে বাংলার দুই পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে। মগরাহাটের বাসিন্দা মঞ্জুল আলম লস্কর জরির কাজ করতে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন।
অভিযোগ মঙ্গলবার রাতে অক্রপ্রদেশ থেকে মঞ্জুরের বাড়িতে ফোন আসে। ফোনে শ্রমিকের পরিবারের কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। সঙ্গে হুমকি দেওয়া হয় টাকা না দিলে খুন করা হবে মঞ্জুরকে। তড়িঘড়ি অনলাইনে ৬ হাজার টাকা পাঠায় মঞ্জুরের পরিবার। এরপর বুধবার মঞ্জুরের মৃত্যুর খবর আসে। নিহতের পরিবারের অভিযোগ চুরির মিথ্যে অপবাদ দিয়ে খুন করা হয়েছে মঞ্জুরকে। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তাদের অভিযোগ বাংলায় কথা বলায় এরাজ্যের শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে। এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত বলে অভিযোগ তৃণমূলের। এদিকে চেন্নাইয়ে কাজে গিয়ে মালদহের বাসিন্দা বছর ২৯-র আলমগীর আলমের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে রেললাইনের ধার থেকে। পরিবারের দাবি ৯ দিন আগে অন্য কাজ পাওয়ায় হায়দরাবাদে যাচ্ছিলেন। ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ মিলছিল না। বারবার তাঁর মোবাইলে ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
নিখোঁজের ৮ দিন পর আলমগীরের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ আলমগীরকে খুন করে ফেলে দেওয়া হয়েছে।









