
বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মেয়ের খুনে বিচার চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন।
তার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশি তৎপরতায় গ্রেফতার হয়েছেন ওই খুনে ফেরার দুই অভিযুক্ত। এর ফলে এই মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে তাঁদের ডেরায় হানা দেয় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কালীগঞ্জে। গ্রেফতারির খবরে খুশি সাবিনা। তাঁর কথায়, তিনি দীর্ঘদিন ধরেই বলছিলেন, অপরাধীরা লুকিয়ে নেই—পুলিশ ওদের লুকিয়ে রেখেছে।
এর নেপথ্যে তৃণমূল নেতাদের পূর্ণ সমর্থন ছিল। প্রশাসনই অপরাধীদের আড়াল করেছে। তবে এত দ্রুত পুলিশ পদক্ষেপ, ভাবতে পারেননি। আশা বাকিরাও দ্রুত গ্রেফতার হবে।
