
মাথার দাম ছিল আট লক্ষ টাকা। এবার মহারাষ্ট্রের গঢ়ছিরৌলিতে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন দুই মাওবাদী নেতা।
এ কথা জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণ করা ওই দুই নেতার নাম রামাসু পয়াম ওরফে নরসিংহ এবং রমেশ কুঞ্জম ওরফে গোবিন্দ। ১৯৯২ সালে টিপাগড় স্লোকাল অর্গানাইজেশনাল স্কোয়াড-এর সদস্য হন নরসিংহ। ২০১০ সালে কুতুল এবং নেলনারের এরিয়া কমিটির দায়িত্ব পান। সেই থেকে তাঁকে হন্যে হয়ে খুঁজেছে পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি নরসিংহের। পুলিশ সূত্রে খবর, তাঁর নামে পাঁচটি খুন, একাধিক ডাকাতি এবং এনকাউন্টার-সহ মোট ১২টি মামলা রয়েছে।অন্য দিকে, বছর পঁচিশের গোবিন্দ নারায়ণপুরের বাসিন্দা। ২০১৯ সালে মাওবাদীদের দলে যোগ দেন।
২০২০ সালে চেতনা নাট্য মঞ্চের সদস্য হন। শেষে ২০২১ সালে কুতুল এলওএস-এর সদস্যপদ পান গোবিন্দ। তাঁরও মাথার দাম ছিল ২ লক্ষ টাকা।
