
জম্মু ও কাশ্মীরের সেনা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হয়েছে দুই জওয়ানের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বারামুলা জেলার উরি সেক্টরে।
জানা যাচ্ছে, ক্যাম্পের মধ্যে দুর্ঘটনাবশত ফেটে যায় গ্রেনেডটি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেনা আধিকারিকরা। সেনা সূত্রে জানা যাচ্ছে, উরির কমলকোটের একটি ক্যাম্পে রুটিন আগ্নেয়াস্ত্র হস্তান্তরের সময় দুর্ঘটনাবশত একটি হ্যান্ড গ্রেনেডে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। তড়িঘড়ি আহত ওই জওয়ানদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের।
জানা যাচ্ছে, মৃত ওই দুই সেনা জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা। গোটা ঘটনায় শোকস্তব্ধ মৃত জওয়ানদের পরিবার।
