
জলের তোড়ে ভাসল দোতলা বাড়ি, জলে ডুবল ঘাটাল থানা। ভয়াবহ বন্যা পরিস্থিতি জেলায় জেলায়। হুগলির খানাকুলে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে চোখের পলকে ভেসে যাচ্ছে দোতলা পাকা বাড়ি। মাত্র ২৫ সেকেন্ডের ওই ভিডিওয় শিউরে উঠেছে মানুষজন।
ইতিমধ্যেই একাধিক পাকা বাড়ি এভাবেই ভেসে গিয়েছে। জলের তলায় খানাকুল ১ নম্বর ও ২ নম্বর বিডিও অফিস, পোস্ট অফিস, ভূমি দফতরের অফিস। এদিকে জলের তলায় চলে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা। ডিভিসির ছাড়া জলে এখন বুকসমান জল ঘাটাল থানায়। বাধ্য হয়ে সেচ দফতরের অফিসে বসে কাজ চালাতে হচ্ছে পুলিশকে। থাকতে হচ্ছে লজে। তবে থানার ভিতরে বহু জরুরি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘাটাল পুরসভার ১৭ ওয়ার্ডের মধ্যে ১৪ ওয়ার্ড এখন জলের তলায়। ঘাটাল পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ বাড়ির একতলা ডুবে গিয়েছে। কোথাও কোথাও ডুবে গিয়েছে দোতলা বাড়ি। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। এই নৌকা করেই যাতায়াত করছেন মানুষজন। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ফসল।








