
হস্টেলেরই দুই দিদির হাতে খুন হয়েছে ক্লাস ওয়ানের ছাত্রী। জলের বালতিতে মাথা ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। নদিয়ার কৃষ্ণনগরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের হস্টেলের বাথরুমে ক্লাস ওয়ানের ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ক্লাস নাইনের দুই ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তারা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। শনিবার ভোরে ৭ বছরের সঞ্জনা মণ্ডলের দেহ উদ্ধার হয় হস্টেলের বাথরুম থেকে।
পরিবারের দাবি গ্রীষ্মের ছুটি কাটিয়ে শুক্রবারই স্কুলে ফিরেছিল ছোট্ট সঞ্জনা। এরপর শনিবার তার দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে বাথরুমে স্নান করতে গিয়েছিল সঞ্জনা। তার পিছনে যায় ক্লাস নাইনের দুই ছাত্রী। এরপর মেয়েটির মাথা ধরে বালতির জলে চুবিয়ে রাখা হয়। শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে নাবালিকার হাতের শিরা কেটে দেওয়া হয়। তদন্তে নেমে আবাসিক ছাত্রীদের জেরা করতে থাকে পুলিশ।
তখনই অভিযুক্ত দুই ছাত্রীর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাদের টানা জেরায় নিজেদের দোষ স্বীকার করে নেয় দুই ছাত্রী। আপাতত তাদের হোমে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন ওই দুই ছাত্রীর ধারণা ছিল এমনটা করলে হস্টেল বন্ধ হয়ে যাবে।
