
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার কেনার কোনো প্রয়োজন নেই তাদের। তিনি সাফ জানিয়েছেন, চালকবিহীন রাইডসেবা চালুর জন্য টেসলার নিজস্ব প্রযুক্তি ও সম্পদই যথেষ্ট।ইলন মাস্ক জানিয়েছেন, টেসলা দু’ ধরনের চালকবিহীন গাড়ি বাজারে আনতে পারে,একটি হবে কোম্পানির মালিকানাধীন এবং অন্যটি সাধারণ ইউজারদের ব্যক্তিগত গাড়ি, যেগুলো টেসলা প্ল্যাটফর্মে ভাড়া দেওয়া যাবে।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছেন, তাঁর ধারণা, টেসলার মালিকেরা তাদের গাড়ি ভাড়া দিলে যে অর্থ পাবেন, তা লিজের কিস্তির চেয়ে বেশি হতে পারে।দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসে আমেরিকার অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে টেসলার রোবোট্যাক্সি সার্ভিস।এফএসডি আনসুপারভাইজড নামের স্বয়ংক্রিয় সফটওয়্যারে চালিত এসব গাড়িতে কোনো চালকের প্রয়োজন হবে না।
প্রসঙ্গত, অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এরই মধ্যে আমেরিকার ফিনিক্স, অস্টিন ও আটলান্টা শহরে রোবোট্যাক্সি–সার্ভিস দিচ্ছে। অন্যদিকে, মোবাইলআই ও মে মোবিলিটির সঙ্গে অংশীদারত্ব করে চলতি বছরেই নিজেদের চালকবিহীন গাড়ি চালুর পরিকল্পনা করছে লিফট।টেসলার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধিকে যেমন আরও বিস্তৃত করবে,তেমনি আয়ের নতুন উৎসও তৈরি করবে।
