
আগামী বসন্তে লন্ডনে রোবোট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু করবে উবার। এ ধরনের গাড়িতে স্টিয়ারিংয়ে কোনো মানুষ চালক থাকেন না। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে এগুলো।এ প্রকল্পে ব্রিটেনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি, ওয়েভ-এর সঙ্গে কাজ করছে রাইড-হেলিং অ্যাপটি, যা দেশটির বর্তমান আইন মেনে শহরের রাস্তায় মানুষের তত্ত্বাবধানে প্রযুক্তিটি নিয়ে পরীক্ষা করছে।
ব্রিটেনের সরকার চালকবিহীন গাড়ি সংক্রান্ত নিয়মকানুন আরও একবার পরিবর্তনের পর এমন ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য প্রথমে, উবারের লক্ষ্য ছিল, ২০২৬ সালের মধ্যে এ প্রযুক্তিটি ব্রিটিশ রাস্তায় নিয়ে আসা। তারপর সেই তারিখ পরিবর্তন করে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে করেছিল কোম্পানিটি।তবে এখন তারা বলছে, ছোট আকারের স্বয়ংক্রিয় বাস ও ট্যাক্সির মতো বাণিজ্যিক বিভিন্ন পরিষেবা আগে থেকেই চালু করার জন্য একটি কাঠামো নিয়ে আসছে তারা।উবারের এ পরীক্ষামূলক পরিষেবাতে বিভিন্ন গাড়ি গ্রাহকদের ব্যবহারের জন্য পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
কোম্পানিটি বলেছে, এখনও বিস্তারিত নানা বিষয় কাজ করছে তারা। ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ২০৩৫ সালের মধ্যে ৩৮ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশটির অর্থনীতিতে চার হাজার দুশো কোটি পাউন্ড যোগ করতে পারে এই শিল্প। অন্যদিকে,গত মাসে ব্রিটেনের গ্যাস, মিডিয়া অ্যান্ড বিল্ডিং বা জিএমবি’র জাতীয় সম্পাদক অ্যান্ডি প্রেন্ডারগাস্ট বলেছেন, চালকবিহীন গাড়ি ও ট্যাক্সির গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব বিশেষ করে বেকারত্ব সম্পর্কেও ভালোভাবে ভেবে দেখা উচিত।









