ইউসিসি, অগাস্টেই বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
20

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী অগাস্ট মাসেই সেই সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। তবে প্রস্তাবিত আইনের আওতার বাইরে রাখা হবে রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতি সম্প্রদায়কে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, উত্তরাখণ্ড ও গুজরাতের মডেল অনুসরণ করেই এই ব্যতিক্রম রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি বিলের খসড়া অনুমোদনের জন্য আনা হবে। বিল তৈরির ক্ষেত্রে গুজরাটের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬, অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন-২০২৪-কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে।