ইন্ডিয়া’র মুখ করা হোক স্ট্যালিনকে, দাবি উদয়নিধির

0
84
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিরোধী জোট ইন্ডিয়া’র নেতৃত্ব দেওয়া নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোট বাড়ল আরও একটি। বিরোধী শিবিরের কেউ নেতৃত্বে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে,কেউ চাইছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনকে।

কিন্তু জোটের নেতৃত্বের জায়গায় রাহুল গান্ধীকে বসানো নিয়ে আপত্তি ক্রমশ বাড়ছে,ইন্ডিয়া’য়।বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া’র নেতৃত্বে থাকা উচিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের।এমনটাই দাবি স্ট্যালিনপুত্র উদয়নিধির।তাঁর দাবি, অন্য রাজ্যের নেতারাও চাইছেন বিজেপিবিরোধী লড়াইয়ে নেতৃত্বের জন্য এগিয়ে আসুন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।দু দিন আগে চেন্নাইয়ের এক সভায় তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি এই মন্তব্য করেছেন।উল্লেখ্য,পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে ইন্ডিয়া’র দুই শরিক— ডিএমকে এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা এখনও হয়ে ওঠেনি।এমনকি আদৌ আসন সমঝোতা হবে কি না, তা-ও স্পষ্ট নয়।এরই মধ্যে স্ট্যালিনপুত্রের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ওদিকে,বিরোধী জোট ইন্ডিয়া’র নেতৃত্ব‌‌ দিন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের এক বার উঠে এসেছে সেই দাবি। এ বার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে বিরোধী জোটের মুখ করার দাবি তুলেছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।সম্প্রতি উদ্ধব ঠাকরের শিবসেনাও সেই একই দাবিতে সরব হয়েছে। বিজেপিবিরোধী জোটের নেতৃত্বের আসনে কেন‌ রাহুল গান্ধী বসে রয়েছেন, তা নিয়েও প্রশ্ন বিক্ষুব্ধ নেতা মণিশঙ্কর আইয়ারের।