
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ করেছেন উদয়ন গুহ। তাঁর অভিযোগ দিনহাটার ১৬০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীই ভোটারের হয়ে বোতাম টিপে ভোট দিয়েছেন।
তৃণমূলের বিদায়ী বিধায়ক উদয়ন গুহ বলেছেন একজন দৃষ্টিহীন ব্যক্তি নাতিকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। অভিযোগ কেন্দ্রীয় বাহিনী একজন নাতিকে সরিয়ে ওই দৃষ্টিহীন ভোটারের হয়ে ভোট দিয়েছেন। আইসি দিনহাটার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন উদয়ন গুহ। তিনি বলেছেন তৃণমূল কর্মীদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে উদয়ন গুহ বলেছেন নিরাপত্তার নামে বজ্র আঁটুনি ফস্কা গেরো। এত বেশি করেছে যে মানুষ ভয় পাচ্ছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি নারায়ণগড়ের পাতলি গ্রামে বুথের সামনে ক্যাম্প করা হয়েছিল। পরে দলীয় কর্মীরা পার্টি অফিসে খাওয়াদাওয়া করছিল। অভিযোগ সেই সময় জওয়ানরা চড়াও হয়ে মারধর করে। তবে কেন এই ঘটনা তা নিয়ে কমিশনের তরফে কিছু জানা যায়নি। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া কোয়ালপাড়া পঞ্চায়েতের যমুনা বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে।
ভাঙচুর করা হয়েছে বাইকে। তবে ঠিক কি কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে খবর তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ও উত্তেজনা তৈরি হতেই হস্তক্ষেপ করেছে বাহিনী।









