
ইউক্রেনের সংঘাত কেবল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি পশ্চিমী বিশ্বেরও যুদ্ধ, এমনটাই মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হুমকি।
এটি পশ্চিমী সভ্যতার ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।ওয়ারশ সিকিউরিটি ফোরামে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী টাস্ক ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজের দেশের নাগরিকদের কাছে রাশিয়ার হুমকি সম্পর্কে সচেতনতা তৈরি করেন। তার মতে, পশ্চিমী সমাজকে এটা বোঝানোই এখন ইউরোপীয় নেতাদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, এই যুদ্ধ তাঁদেরও যুদ্ধ এবং এর সঙ্গে পশ্চিমী সভ্যতার মৌলিক স্বার্থ জড়িত। তিনি দাবি করেছেন, ইউক্রেনের পরাজয় হলে পোল্যান্ড থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত পুরো পশ্চিমী সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মধ্যে সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য,পোল্যান্ড ইউক্রেনের অন্যতম প্রধান সমর্থক এবং এই সংঘাতের বিষয়ে প্রধানমন্ত্রী টাস্ক বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি পোলিশদের মধ্যে ইউক্রেনের প্রতি তৈরি হওয়া বিরাগ নিয়ে হতাশা প্রকাশ করেন এবং এর জন্য রাশিয়াকে দায়ী করে পোলিশ রাজনীতিবিদদের এই স্রোত থামাতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।







