
রাশিয়ার এবার পাল্টা ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবারই ইউক্রেনের খারকভে বোমাবর্ষণ করেছিল রাশিয়া।
সেই হামলায় প্রাণ হারান তিন জন। পালটা আঘাত হানতেই রাশিয়ায় বড় মাপের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের সীমান্ত পেরিয়ে ঢুকেছিল প্রচুর ড্রোন। তারমধ্যে ৩৩টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ড্রোন নামাতে গিয়েই বিপত্তি। রুশ অধিকৃত ক্রাইমিয়ার সেভাস্তোপোল এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রয়েছে দুই শিশু। এছাড়াও ড্রোনের আঘাতে মৃত্যু হয়েছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের এক ব্যক্তির। শনিবারই রাশিয়ার হামলার পরে দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার ডাক দিয়েছিলেন। তারপরের দিনই রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন। এই হামলার পালটা দিয়ে ইউক্রেনে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। তার জেরে ইউক্রেনে একজনের মৃত্যু হয়েছে।
