
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুসারে, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জ়েলেনস্কিকে জানিয়েছেন ট্রাম্প। সংবাদ সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবারই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন জ়েলেনস্কি।
রিপোর্ট অনুসারে, আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরে জ়েলেনস্কি ছা়ড়াও ইউরোপের আরও তিন রাষ্ট্রপ্রধানকে ফোন করেন ট্রাম্প। তাঁরা হলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ়। তা ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেছেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েনকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোন কথোপকথনে পুতিনের সঙ্গে বৈঠকের নির্যাস প্রত্যেককে আলাদা ভাবে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র।২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথম থেকেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। একাধিক বার প্রেসিডেন্ট জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। উল্লেখ্য আলাস্কায় প্রায় পাঁচ বছর পর ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি সাক্ষাৎ হয়। বৈঠক শেষে উভয়েরই দাবি, বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে। যদিও ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
