
রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে অবদান রাখতে ইচ্ছুক ৩০টি ইউরোপীয় ও ন্যাটো সদস্য দেশের সামরিকপ্রধানরা মঙ্গলবার প্যারিসে বৈঠক করবেন।ফ্রান্সের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রান্সআটলান্টিক জোটকে বাতিল করে মস্কোর সঙ্গে যখন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন,ঠিক তখনই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করার তিন বছরেরও বেশি সময় পর ইউরোপ এর প্রতিরক্ষা জোরদার করতে ও আমেরিকার ওপর নির্ভরতা থেকে মুক্তি পেতে হিমশিম খাচ্ছে।অন্যদিকে,এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন করে যোগাযোগ করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন।
ফলে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার পক্ষে একটি সমঝোতা গ্রহণে ইউক্রেনকে বাধ্য করার চেষ্টা করতে পারেন। ট্রাম্প কিয়েভের সঙ্গে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য বণ্টনও স্থগিত করেছেন। বলা হচ্ছে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ভাষণ দেবেন।
