ভারত-পাক নিয়ে দেড় ঘণ্টার বৈঠক রাষ্ট্রপুঞ্জের, নেই বিবৃতি

0
112
ছবি সৌজন্যে : এক্স
ভারত-পাক উত্তেজনা নিয়ে দেড় ঘণ্টা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হলেও,  শেষ পর্যন্ত এল না কোনও সরকারি বিবৃতি। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথক ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারি ভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
সংবাদ সংস্থা অনুসারে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। তবে নিরাপত্তা পরিষদের যে অশ্বক্ষুরাকৃতি টেবিল-সহ ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে, সেখানে ওই বৈঠক হয়নি। ওই কক্ষের পাশে অন্য একটি ঘরে আলোচনায় বসেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠক শেষে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাউন্সিলের সদস্যদের জানানো এই রুদ্ধদ্বার আলোচনার অন্যতম উদ্দেশ্য।
সংঘর্ষ এড়াতে উদ্ভূত পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েও মত বিনিময় হয়েছে ওই বৈঠকে।নিরাপত্তা পরিষদে মে মাসে সভাপতিত্বের দায়িত্বে থাকা গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানগেলস সেকেরিস বলেছেন, একটি গঠনমূলক আলোচনা হয়েছে, যা আগামী দিনে সাহায্য করবে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়াও বৈঠক শেষে জানিয়েছে, উত্তেজনা কমার বিষয়ে তাঁরা আশাবাদী।