
আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনাপর্বের আগে ইরান সফরে যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ঘিরে উত্তেজনার আবহে ইরান জানিয়েছে, কোনও অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে তারা পিছু হটবে না।
ওমানের রাজধানী মাসকটে আগামী শনিবার থেকে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে বসবে ইরান। তার আগে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ-সহ যাবতীয় পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে।
এর পরেই বিদেশমন্ত্রী আব্বাস আরকচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে কোনও আলোচনা করা হবে না। যদিও গ্রোসির দাবি, ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি চলে গিয়েছে।








