
প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর-র আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ, বীরভূমের পর এবার ঘটনাস্থল মালদা।
পরিবারের অভিযোগ, মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের বাসিন্দা হাজেরা বিবির ডাক পড়েছিল এসআইআরের শুনানিতে। নথি জমা করেছিলেন তিনি। কিন্তু ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় ৪৪ বছরের হাজেরার নামের পাশে লেখা বিবেচনাধীন। অভিযোগ, ওই আতঙ্কে সোমবার রাতে বিষপান করেন তিনি। আশঙ্কাজনকত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি যুবতীকে।
মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন।
