
নবান্ন অভিযানের পর এবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে সপ্তান্তে ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন যোগ্য চাকরিহারারা।
হাওড়ার শিবপুর পুলিশ লাইন্স-এ সাংবাদিক বৈঠকে যোগ্য চাকরিহারারা জানিয়েছেন, আপাতত আন্দোলন প্রত্যাহার করলেও যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। পাশাপাশি এই ব্যাপারে আগামীতে সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক করা হবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। সপ্তাহ শেষে ফের রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। শিবপুর পুলিশ লাইন্স-এ মুখ্যসচিব, পুলিশ কমিশনার-সহ আরও অনেকের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারী চাকরিহারারা জানিয়েছিলেন, রাতের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ না হলে, রাস্তাতেই থাকবেন তাঁরা। রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে এই কর্মসূচি প্রত্যাকার করে নেন আন্দোলনকারীরা।
কিন্তু যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। সেই সঙ্গে সঙ্গে এও জানিয়ে দিয়েছেন যে সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক করবেন না তাঁরা। মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন। তাঁকে রাস্তায় আসতে হবে।
