
গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে প্রায় ৩৭৭ মেট্রিক টন বিপজ্জনক বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে।
কারখানা থেকে বিষাক্ত বর্জ্য সংগ্রহ করে ইনদওরের কাছে তা নিষ্কাশনের কাজ চলছে।এর আগে একাধিকবার কারখানা চত্বর থেকে বিষাক্ত বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। চলতি মাসের শুরুতেই এ জন্য কর্তৃপক্ষকে ভৎর্সনাও করে আদালত। বর্জ্য সাফাইয়ের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়। তারপরেই ওই পদক্ষেপ করা হয়েছে। বিশেষ কন্টেনার-সহ ছয়-সাতটি ট্রাক কারখানা চত্বরে পৌঁছয়। ট্রাকগুলিতে জিপিএস ট্র্যাকার ছিল। সঙ্গে ছিলেন বিশেষ পিপিই কিট পরা কর্মীরা। তাঁরা বিপজ্জনক বর্জ্য সরানোর কাজ শুরু করেন। এলাকায় পৌঁছন ভোপাল পুর কমিশনের আধিকারিক, পরিবেশকর্মী এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। কারখানার আশপাশে পুলিশও মোতায়েন করা হয়। তাঁরাই জানিয়েছেন, এই বিপুল পরিমাণ বিষাক্ত বর্জ্য সংগ্রহ করে ভোপাল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ইনদওরের কাছে পিথমপুরের একটি নির্দিষ্ট জায়গায় পোড়ানো হবে। এই খবর প্রকাশ্যে আসার পরেই পিথমপুরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বাসিন্দারা। বহু মানুষ হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদ জানিয়েছেন। স্লোগান উঠেছে, পিথমপুরকে ভোপাল হতে দেব না।
তবে রাজ্যের গ্যাস ত্রাণ ও পুনর্বাসন দফতরের ডিরেক্টর স্বতন্ত্রকুমার সিং জানিয়েছেন, ওই বর্জ্য পিথমপুরে পরিবেশ দূষণ ঘটাবে, এমন দুশ্চিন্তা অমূলক।
