জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকে শাহ-ডোভাল

0
179
Amit Shah DOVAL BOITHAK
Amit Shah DOVAL BOITHAK
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে অজিত ডোভাল ছাড়াও উপস্থিত ছিলেন, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা সহ সেনাকর্তারাও। আগামী ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হবে।
পুণ্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দু’দিন আগেই নিজের মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসময় জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ তথ্য অমিত শাহর কাছে তুলে ধরেছেন আধিকারিকরা। এবং জঙ্গি হামলার মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানিয়েছেন তাঁরা। তারপরই রবিবার বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রা ঘিরে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে।