
ধর্ষণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ে বিরোধীতায় কেন্দ্রীয় মন্ত্রী। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী শুধু ওই রায়ের নিন্দাই করেননি, বিষয়টিতে নজর দেওয়ার জন্য আর্জিও জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। একই সঙ্গে তাঁর সাবধানবাণী, এই রায়ের ফলে সমাজে ভুল বার্তা যাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের কাসগঞ্জের একটি পকসো মামলার শুনানি হয় এলাহাবাদ হাইকোর্টে। দুই যুবকের বিরুদ্ধে এক কিশোরীর বুকে হাত দেওয়া এবং পাজামার দড়ি খুলে দেওয়ার অভিযোগ ওঠে।
কাসগঞ্জ আদালতের নির্দেশে দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। মামলাটি নিম্ন আলাদত থেকে এলাহাবাদ হাইকোর্টে পৌঁছায়। সেখানে বিচারক রামমনোহর মিশ্রের বেঞ্চ জানায় , বুকে হাত দেওয়া , পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার শামিল নয় । বিচারপতির এই রায়ের পরেই চারিদিক থেকে নিন্দার ঝড় ধেয়ে আসে। এবার সরাসরি এলাহাবাদ হাইকোর্টের বিরুদ্ধে মুখ খুলল কেন্দ্রও।
উল্লেখ্য ঘটনাটি ২০২১ সালে ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার নামে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ দায়ের হয় কাসগঞ্জ থানায় । ওই কিশোরীকে একটি কালভার্টের নীচে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা সেই ঘটনা দেখে ফেলতেই কিশোরীকে ফেলে চম্পট দেয় দুই অভিযুক্ত।








