
বিরোধীদের বিশেষ অধিবেশনের দাবির মধ্যেই সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশনে।
চলবে ১২ অগাস্ট পর্যন্ত। তবে বিরোধীদের আবেদনে সাড়া দিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হবে না কিনা, তা নিয়ে অবশ্য কোনও কিছুই জানাননি তিনি। ইতিমধ্যেই সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠিয়েছে দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ অন্যেরা। আম আদমি পাটিরও একই বিষয়ে পৃথক ভাবে একটি চিঠি পাঠানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীকে।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বহুদলীয় প্রতিনিধিদল দেশে ফেরার পরে যাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, তা নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন তিনি।








