
আগের দুই ম্যাচের আশানুরূপ পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইতে শুরু করেছিল সুবাতাস। তবে সপ্তাহ ঘুরতেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল।
ব্রাইটনের বিপক্ষে এলোমেলো পারফরম্যান্সে আরেকটি পরাজয় বরণ করল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালেও দ্বিতীয়ার্ধে ফের নিজেদের হারিয়ে ফেলে হুবেন আমুরির দল।শেষদিকে তাদের খুঁজেই পাওয়া যায়নি,ফলাফল ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছে ৩-১ গোলে।ইয়ানকুবার গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। তবে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে মিতোমা ও জর্জিনিয়োর গোলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচ জিতল ব্রাইটন। লিগে শেষ সাতবারের মুখোমুখি দেখায়ও ব্রাইটনর জয়জয়কার,ছ’টিই জিতেছে তারা, একটি জিতেছে ইউনাইটেড।চলতি আসরে ইউনাইটেডের এটা দ্বাদশ পরাজয়। ২২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন। এফএ কাপে আর্সেনালের বিপক্ষে হার না মানা মানসিকতা দেখিয়ে টাইব্রেকারে জয়ের পর, প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে শেষ সময়ে আমাদ দিয়ালোর দারুণ হ্যাটট্রিকে জয়োল্লাস করে ইউনাইটেড। চার দিনের মধ্যে অমন দুটি দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতা টেনে নিতে পারল না দলটি।ব্রাইটনের বিপক্ষে শুরুতেই গোল খেয়ে বসে তারা।
ম্যাচে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু পাস ধরে দ্রুত বক্সে ঢুকে পড়েন মিতোমা, ডানদিকে খুঁজে নেন ইয়ানকুবাকে। ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে জালে পাঠান গাম্বিয়ার ফরোয়ার্ড ইয়ানকুবা।
