উন্নাও : দিল্লি হাই কোর্টে ধাক্কা কুলদীপের

0
131
ছবি সৌজন্যে : এক্স

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার আবার আদালতে ধাক্কা খেয়েছেন। উন্নাওয়ে ধর্ষিতার বাবার হেফাজতে মৃত্যুর ঘটনায় সাজা স্থগিতের আবেদন করেছিলেন তিনি।

তবে দিল্লি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।উল্লেখ্য ২০১৭ সালে উন্নাওয়ে যখন ধর্ষণের অভিযোগ ওঠে,সেই সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি বিধায়ক,বর্তমানে দল থেকে বহিষ্কৃত কুলদীপ  সিংহ সেঙ্গার এবং তাঁর সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি।শুধু ধর্ষণ মামলায় নয়, হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও নাম জড়ায় কুলদীপের।২০২০ সালের ১৩ মার্চ নিম্ন আদালত ওই মামলায় কুলদীপকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। রায় শোনানোর সময় বিচারক জানিয়েছিলেন, পরিবারের একমাত্র উপার্জনকারীর হত্যার ব্যাপারে কোনও ধরনের সহনশীলতা দেখানো যাবে না।তবে,কুলদীপ একা নন, নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় তাঁর ভাই অতুল সিংহ সেঙ্গার এবং আরও পাঁচ জনকেও ১০ বছরের কারাবাসের সাজা শোনায় আদালত।

সেই সাজা স্থগিতের আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুলদীপ।তাঁর আবেদন ছিল, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। সেই মামলা চলছে, কিন্তু তার পরেও তাঁকে জেলে থাকতে হচ্ছে। প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার দীর্ঘ দিন কারাবাসে আছেন, তাঁর শারীরিক অবস্থাও ভাল নয়।