অশান্ত নেপাল, দিল্লি-কাঠমান্ডু সব বিমান বাতিল 

0
86
ছবি সৌজন্যে : এক্স
জেন জি’দের বিক্ষোভ-প্রতিবাদে জ্বলছে নেপাল। বিক্ষোভকারীরা দখল করেছে সংসদ ভবন, আগুন লাগানো হয়েছে বিমানবন্দরে।
এই পরিস্থিতিতে দিল্লি থেকে কাঠমান্ডুগামী একাধিক বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। এরমধ্যে এয়ার ইন্ডিয়ার চারটি বিমান বাতিল করা হয়। পাশাপাশি ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্সও দিল্লি থেকে কাঠমান্ডুতে নির্ধারিত উড়ান বন্ধ করে দেয়। জানা গিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান মঙ্গলবার কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল, কিন্তু অবতরণের আগে রানওয়ের কাছে ধোঁয়া দেখা যাওয়ায় সেটিকে ফের দিল্লিতে ফিরে আসতে হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে দিল্লি-কাঠমান্ডু-দিল্লি রুটে চলাচলকারী এআই ২২৩১/২২৩২, এআই ২২১৯/২২২০, এআই ২১৭/২১৮ এবং এআই ২১১/২১২ বিমানগুলি আজ বাতিল করা হয়েছে।
প্রতিদিন দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে এয়ার ইন্ডিয়ার ছ’টি বিমান পরিষেবা দেয়। কিন্তু মঙ্গলবার নেপালে অশান্ত পরিস্থিতির কারণে পরিষেবা ব্যাহত হয়েছে।